গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
আনিসুর উপজেলার নাকাই ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই হাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাকাই হাট বন্দরে স্থানীয় সার্ভেয়ার জমি মাপ দেয়। পরে জমির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মজিদ ও শাহ আলমের মধ্য কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আনিসুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আনিসুর রহমানের অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর হাসপাতালে পাঠানো হয়। আজ ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ওই ঘটনায় একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে থানায় এখনো অভিযোগ পাইনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।’