হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় ২ অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি-ইট

গাইবান্ধা প্রতিনিধি

অবৈধ ইটভাটার চিমনি-ইট গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা দুটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। প্রস্তুতকৃত কাঁচা ইট বিনষ্ট করা হয়। অভিযানে কোনো জরিমানা করা হয়নি।

ইটভাটা দুটি হচ্ছে উপজেলার সাকোয়া ব্রিজ এলাকার আলতা ব্রিকস ও ঢোলভাঙ্গা এলাকার বিবিএফ ব্রিকস। আজ বুধবার (১২ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান সজিব আহমেদসহ জেলা পুলিশের সদস্য ও আনসার ভিডিপি ও ব্যাটালিয়ান বাহিনীর বিশেষ টিম উপস্থিত ছিল।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম বলেন, জরিমানা করে ভাটা বন্ধ করার সম্ভব হয় না। তাই এবার সব ভাটা মালিকদের নোটিশ দেওয়া হবে। এরপরও যদি ভাটাগুলোয় কার্যক্রম চলমান থাকে তাহলে পর্যায়ক্রমে সব ইটভাটা উচ্ছেদ করা হবে। জেলাতে এর আগেও কয়েকটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আজকে আরও দুটি ইটভাটা ভেঙে দেওয়া হয়। এ অভিযান চলমান থাকবে।

গাইবান্ধা পরিবেশ ক্লাবের আহ্বায়ক গোলাম রব্বানী মুসা বলেন, ইটভাটাগুলোতে প্রকাশ্যে গাছের গুঁড়ি পোড়ানো হয়। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি গাছপালা কমে যাচ্ছে। জেলায় প্রায় ১৬৫টি ভাটা রয়েছে। এরমধ্যে মাত্র ১৬টি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে।