গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার উজ্জ্বল দাসের ছেলে অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের সাবের হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪২) ও তাঁর মেয়ে আয়েশা (৮), রংপুর সদর উপজেলার গণেশপুর এলাকার হাফিজারের ছেলে লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ি এলাকার সোলাইমান আলীর ছেলে রোস্তম আলী (৬৩), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর এলাকার আফসার আলীর ছেলে আনজুল ইসলাম সাগর (৪৭), আলমগীর (২১) এবং আরও কয়েকজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টিএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপড়িগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে এসআর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অতিক্রম করার পর সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ধীর গতির হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।