গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটোরিকশার হর্ন বাজানোকে কেন্দ্র করে চালককে মারধরে বাধা দেওয়ায় এক যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এরশাদ আলী নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। নিহত জহুরুল প্রধান (৪৫) উপজেলার গোবিন্দগঞ্জ পৌরসভার চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। তিনি পেশায় গ্রিলের মিস্ত্রি ছিলেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশাযোগে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় যাচ্ছিলেন। কাটামোড়ে পৌঁছানোর সময় চালক হর্ন দিলে স্থানীয় এরশাদ আলীসহ আরও দু-তিনজন ব্যক্তি অটোরিকশাচালককে মারধর শুরু করেন। এ সময় যাত্রী জহুরুল প্রধান চালককে রক্ষা করতে এগিয়ে গেলে এরশাদ আলী তাঁর বুকে সজোরে ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এরশাদ আলীকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।