গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদের সভাপতিত্বে উপস্থিতি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আহাদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়টির ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এর আগে একটি আলোচনা সভা হয়।
এ সময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।