গাইবান্ধায় রেলক্রসিংয়ে নিরাপত্তার ঘাটতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। সান্তাহার-লালমনিরহাট রেলপথের জেলার অংশে থাকা ৮০টি রেলগেটের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে প্রায় ৪০টি লেভেল ক্রসিংয়ে নেই কোনো গেটম্যান। অধিকাংশ ক্রসিংয়ের অনুমোদনও নেই। ফলে এসব উন্মুক্ত রেলপথ দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকেরা। গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন।
জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা থেকে সুন্দরগঞ্জের হাসানগঞ্জ পর্যন্ত সান্তাহার-লালমনিরহাট রেলপথে রয়েছে ১১টি স্টেশন। এগুলো হলো শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ। এ পথে প্রতিদিন লোকাল ও আন্তনগর মিলিয়ে আটটি ট্রেন চলাচল করে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে রেললাইনের ওপর দিয়ে চলাচলের জন্য রাস্তা তৈরি হয়েছে। দুই পাশে রয়েছে পাকা সড়কও। কোথাও স্থানীয় লোকজন বাঁশ দিয়ে ট্রেন চলাচলের সময় সাময়িকভাবে গেট বন্ধ করেন। আবার কোথাও গেট থাকলেও নেই গেটম্যান। কিছু স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড থাকলেও তা দুর্ঘটনা ঠেকাতে যথেষ্ট নয়। এসব পথ দিয়ে শিক্ষার্থী, বৃদ্ধ, পথচারী ও যানবাহন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দূরত্ব কমাতে এসব পথ ব্যবহার করতে গিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়। শহরের কলেজপাড়ার বাসিন্দা শুভ মিয়া বলেন, রেললাইনের ওপর দিয়ে অসংখ্য যাতায়াতের পথ তৈরি হয়েছে। এসব রাস্তা বন্ধ করা অথবা গেটম্যান নিয়োগ দেওয়া জরুরি। ছোট শিক্ষার্থীরা ঝুঁকি না বুঝেই এসব পথ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে।
সদর উপজেলার খোলাহাটির মোল্লার বাজার এলাকার বাইকচালক আজিজার বলেন, রেললাইনের ওপর দিয়ে এই রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করলেও এখানে কোনো গেটম্যান নেই। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত গেটম্যান নিয়োগ প্রয়োজন।
মোল্লাবাজারের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, রেললাইনের দুই পাশে অনেক দোকানপাট গড়ে উঠেছে। কেনাকাটার জন্য মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করে। অনেক বৃদ্ধ মানুষের ট্রেনের শব্দ শোনার ক্ষমতাও কম। তাই এখানে গেটম্যান না থাকলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
শহরের ব্যবসায়ী শ্রী শ্যামল বিশ্বাস বলেন, রেলক্রসিংয়ের দুই পাশে পৌরসভার পাকা রাস্তা রয়েছে। ফলে মানুষ ও যানবাহন চলাচল করবেই। অথচ সেখানে গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটলে কেউ দায় নিতে চায় না। সমস্যা সমাধানের পরিবর্তে বিভিন্নভাবে ঝুঁকি বাড়ানো হচ্ছে।
সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনুর অভিযোগ, রেলের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের বিনিময়ে রেলওয়ের জমি লিজ দিচ্ছেন। এসব জমিতে দোকানপাট, ঘরবাড়ি ও বাজার গড়ে ওঠায় রেললাইনের ওপর দিয়ে নতুন নতুন চলাচলের পথ তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। রেলের জায়গায় অবৈধ স্থাপনা ও দোকানপাট নির্মাণ বন্ধ করা গেলে অননুমোদিত লেভেল ক্রসিং কমবে এবং দুর্ঘটনাও নিয়ন্ত্রণে আসবে।
গাইবান্ধা রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (আইসি) আব্দুল গণি বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছে। গত এক বছরে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ২২ জন নারী-পুরুষের মৃত্যু হয়েছে।
গাইবান্ধা রেলস্টেশনের স্টেশনমাস্টার সুমিত সরকার বলেন, স্থানীয় লোকজন রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব অরক্ষিত ক্রসিং তৈরি করেছেন। রেলওয়ের প্রকৌশল বিভাগের অনুমোদিত লেভেল ক্রসিংগুলোতে গেটম্যান রয়েছেন। অননুমোদিত চলাচলের পথগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া হয়েছে। তবে জনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে গেটম্যান নিয়োগের প্রয়োজনীয়তা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।