হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার মামলায় মিরাজ শেখকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ (৩৫) আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট নগরকান্দা উপজেলার একটি মাদ্রাসার ছয় বছর বয়সী এক শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। শিশুটিকে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে মিরাজ শেখ নিজের বাড়িতে নিয়ে যান।

মামলার অভিযোগ অনুযায়ী, বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন মিরাজ শেখ। শিশুটি চিৎকার করলে তিনি তাকে ছেড়ে পালিয়ে যান। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আজ বুধবার আদালত রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘এই রায়ে ধর্ষণচেষ্টায় সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। এ রায়ের মধ্যে দিয়ে সমাজে এ ধরনের ঘটনা কমে আসবে বলে মনে করি।’