হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরের ১৩ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আজ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে কোলাকুলি করছেন দুই মুসল্লি। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩টি গ্রামের বাসিন্দাদের একটি অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা প্রতিবছরের মতো এবারও এক দিন আগে ঈদুল ফিতর উদ্‌যাপন করেন।

গ্রামগুলোর মধ্যে রয়েছে বোয়ালমারীর শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দিঘিরপাড়।

শুক্রবার সকাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এসব গ্রামে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বোয়ালমারীর সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে। এসব ঈদের জামাতে পাশের আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা ও ইছাপাশা গ্রামের কিছু মুসল্লিও অংশ নেন।

জানা গেছে, ১৩টি গ্রামের কিছু মুসল্লি বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের রোজা রাখা শুরু করেন এবং পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই হিসেবে তাঁরা গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সৌদি আরবে চাঁদ দেখার খবর নিশ্চিত হয়ে ঈদের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেন।

সহস্রাইল দায়রা শরিফের সমন্বয়ক মো. মাহিদুল হক বলেন, ‘আমরা চট্টগ্রামের মির্জাখীল শরিফের অনুসারী। সেখানকার সিদ্ধান্ত এবং সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে আমরা রোজা রাখা ও ঈদ উদ্‌যাপন করে থাকি। সে অনুযায়ী এবারও আমরা ঈদ পালন করেছি।’

এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা বলেন, ছোটবেলা থেকেই দেখে এসেছি এই এলাকার কিছু মানুষ আগাম রোজা রাখেন এবং ঈদ উদ্‌যাপন করেন। এটি তাঁদের দীর্ঘদিনের বিশ্বাস ও অনুসরণের অংশ।

ঈদ উদ্‌যাপন করা মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফ প্রায় ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী সুফি দরবার। দরবারটির অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রমজানের রোজা রাখেন এবং ঈদ উদ্‌যাপন করেন।

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫ শিশুর জন্ম, চারটির মৃত্যু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ

ভাঙ্গায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ‘গুলিবিদ্ধ’ হয়ে যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ভাঙ্গায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহতের দাবি