হোম > সারা দেশ > ফরিদপুর

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।’

আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বিভিন্ন বিভাগপ্রধানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চোখে আঙুল দিয়ে একটি বিষয় দেখিয়ে দিয়েছেন। এই সরকার অনেক যুদ্ধের পরে এসেছে। জনগণের অনেক আশা এই সরকারের ওপর। সুতরাং, এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নেই।’

প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যখন আইনশৃঙ্খলার কথা আসে তখন আপনাদের কিন্তু হার্ড লাইনে যেতে হবে। আইনশৃঙ্খলার ব্যাপারে প্রধানমন্ত্রী কিন্তু হার্ড লাইনে। আপনাদের দলমত দেখার দরকার নেই।’

মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না। আমাদের কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে হবে। যারা মাদক সেবন করে, তারা অনেক ক্ষেত্রে ভিকটিম। কিন্তু যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শর্ট টার্মে অ্যাকশন দেখাতে হবে, পাশাপাশি লং টার্মে সামাজিক সচেতনতা চালিয়ে যেতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা যদি দুর্নীতি নির্মূল করতে চান; আইনশৃঙ্খলার অবস্থা ভালো করতে চান, তাহলে আপনাদের নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে সমান চোখে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকারের পক্ষ থেকে সকল সংসদ সদস্যদের পক্ষ থেকে আপনারা সহযোগিতা পাবেন। আপনারা নিরপেক্ষভাবে যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই—আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি। আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তাহলেই ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারব। আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। বেশির ভাগের কাছেই আমার ফোন নম্বর আছে। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।’

এ সময় তিনি রমজান মাস ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে নির্দেশনা দেন। পাশাপাশি, দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে এবং কমার্স মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে নারীর লাশ উদ্ধার

যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন আহত

ফরিদপুরে বাজার নিয়ন্ত্রণ ঘিরে সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত অন্তত ২০

ওবায়দুর-ইউসুফের ধানের শীষের শূন্য প্রান্তরে দুই কন্যার জাগরণ

ফরিদপুরে ভোটের তর্কের জেরে হামলা ও বাড়িঘরে ভাঙচুর, আহত ১১

ফরিদপুরে তিন আসনে বিএনপির জয়, একটিতে জামায়াত

ফরিদপুরের চার আসনের তিনটিতে এগিয়ে বিএনপি, একটিতে জামায়াত

ভোটার তালিকা অ্যাপে থাকলেও লিস্টে নেই নাম, ভোট দেওয়া হলো না মনোয়ারার

ফরিদপুরে বাস উল্টে নিহত ২