হোম > সারা দেশ > ফরিদপুর

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

সাংবাদিক পরিচয়ধারী সাজ্জাদ, সাকিবুল ও সাদ্দাম। ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় সাংবাদিক পরিচয়ধারী চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ঢাকার ১৫ নম্বর সিএমএম আদালতে আসামিরা হাজির হলে তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক নাজমিন আক্তার। এর আগে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

কারাগারে পাঠানো চারজন হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৪০), ওবায়দুল মোল্যার ছেলে ওয়াহিদুজ্জামান মোল্যা (৪৭), সালথা উপজেলার মাঝারদিয়া পূর্বপাড়া গ্রামের সাকিবুল ইসলাম সাকিব (৩২) ও রাজবাড়ী সদর উপজেলার পাঠশালকাঠি এলাকার মুরাদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা ও সিআইডি কর্মকর্তা মো. রাজ্জাক হোসেন খানের স্ত্রী আয়শা আক্তার (২৬) ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, চারজন ফরিদপুর শহরে বসবাস করে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেল ও চাঁদাবাজি করে আসছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৬ জুন আসামিরা সাংবাদিক পরিচয়ে আয়শা আক্তারের কাছে তিন লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিলে মিথ্যা সংবাদ প্রচারের ভয় দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এরপর গত ৬ অক্টোবর আয়শা আক্তারের মোবাইল ফোন নম্বরে কল করে এক আসামি ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর অপতথ্য প্রকাশ করা হয় বলেও অভিযোগ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি আসামিরা আদালতে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে জামিন নেন। জামিনে বেরিয়ে তাঁরা আবারও মামলার বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকেন বলে অভিযোগ রয়েছে। পরে এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান বলেন, আসামিরা আদালতে হাজির হলে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা জামিনের তীব্র বিরোধিতা করেন। তাঁদের দাবি, আসামিরা পেশাদার সাংবাদিক নন; সাংবাদিকতার আড়ালে তাঁরা সংঘবদ্ধ চাঁদাবাজি করেন। তাঁদের জামিন দেওয়া হলে মামলার সাক্ষী ও তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফরিদপুরে পদ্মা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মায়ের কাছে দোয়া চেয়ে অভিযানে সেনাসদস্য তিতাস, ফিরলেন কফিনে

‘আমাকেও নিয়ে যাও’—সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে