হোম > সারা দেশ > ফরিদপুর

বাবার ভিটায় চিরনিদ্রায় শায়িত লেবাননে নিহত দিপালী

ফরিদপুর প্রতিনিধি

জানাজা শেষে বাবার ভিটার পাশে দাফন করা হয় দিপালী আক্তারকে (ইনসেটে)। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ এক মাস পর দেশে পৌঁছেছে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী আক্তারের (৩৪) মরদেহ। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে দিপালীকে বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছায় পদ্মা নদীর তীরে। এরপর ট্রলার ও ঘোড়ার গাড়িতে দুর্গম এলাকায় বাবার ভিটায় পৌছায় তাঁর নিথর দেহ; যা দেখে আহাজারিতে ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা।

আজ শুক্রবার (৮ মে) সকালে দিপালীর গ্রামের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের দুর্গম চরশালেপুরে এমন দৃশ্য দেখা যায়। নিহত দিপালী ওই এলাকার শেখ মোফাজ্জল ওরফে মুকার মেয়ে। গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় দিপালী আক্তার গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর পর থেকে ওই হাসপাতালেই ছিল দিপালীর মরদেহ।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে মরদেহ গ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দিপালীর বাবা শেখ মুকা, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ ও ছোট বোন লাইজু আক্তার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।  

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে দিপালীর মরদেহ নিয়ে রাতেই বাড়ির উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। লাশবাহী অ্যাম্বুলেন্সে ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট পর্যন্ত পৌঁছাতে দিবাগত রাত সাড়ে ৩টা বেজে যায়। সেখানে ভোর হওয়ার অপেক্ষা করেন তাঁরা। পরে সকাল ৬টার দিকে ট্রলারে করে রওনা হয়ে তাঁরা পৌঁছান চরভদ্রাসনের আদারচর ঘাটে। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে দিপালীর মরদেহ নেওয়া হয় চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাড়িতে।

সকাল ৯টার দিকে ওই বাড়িতে ছুটে যান উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ অনেকে। পরে জানাজা শেষে সকাল সাড়ে ১০টায় বাবার ভিটার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় দিপালীকে।

নিহত দিপালীর ছোট বোন লাইজু আক্তার বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর বোনের লাশটা শেষবারের মতো দেখতে পারছি, এটাই এখন বড় সান্ত্বনা। ১৫ বছর আগে পরিবারের অভাব ঘোচাতে সে বিদেশে পাড়ি জমিয়েছিল। কিন্তু এভাবে লাশ হয়ে ফিরবে তা কখনো ভাবিনি।’

ফরিদপুর প্রবাসীকল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, ‘আজ ভোরে দিপালীর মরদেহ এসে পৌঁছায় গ্রামের বাড়িতে। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সব সময় আমরা দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি এবং মরদেহ আনতে সক্ষম হয়েছি। মরদেহ পরিবহন ও দাফন বাবদ ৩৫ হাজার টাকা তুলে দিয়েছি পরিবারকে। পরে প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লাখ টাকা দেওয়া হবে।’

উল্লেখ্য, ছোট্ট বয়স থেকে পরিবারের অভাব-অনটন দেখে বড় হন দিপালী। এরপর ১৪ বছর বয়সে ১৮ বছর দেখিয়ে পাসপোর্ট সম্পন্ন করেন এবং সংসারের হাল ধরতে প্রবাসের জীবন বেছে নেন। ২০১১ সালে বৈধভাবে লেবাননের বৈরুতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। প্রায় ৭ বছর পর ২০১৮ সালে একবার এবং ২০২৩ সালে আরেকবার ছুটিতে এসেছিলেন। দিপালীর উপার্জিত টাকায় ভাই, বোনের বিয়ে দেওয়া হলেও নিজে অবিবাহিত ছিলেন।

ফরিদপুরে মাদ্রাসা ঘর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, পরে সুপারশপে আগুন

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের অনুষ্ঠানে দুই এমপির অনুসারীদের হট্টগোল

ট্র্যাডিশনাল শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির শিক্ষায় কাজ শুরু করেছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে উল্টে যাওয়া প্রাইভেট কারের পাশে মিলল মরদেহ, পুলিশ হেফাজতে দুই আরোহী

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী শাওনের

আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের আবেদন বিএনপি নেতার, সুপারিশ মন্ত্রণালয়ে

ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

ফরিদপুরে শিশু কবিতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ফমেক হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্ষোভ

কয়েক ধাপে ট্রাকের চাপায় কমপক্ষে ২০ জন আহত, গণপিটুনিতে চালক নিহত