হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বাসটিতে আগুন দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর গ্রামের মৃত নুরুদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও বাসশ্রমিক সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া বাসটি ‘কিশোর-তন্ময়’ পরিবহনের। বাসটি ফরিদপুর-মাদারীপুর আঞ্চলিক সড়কে চলাচল করত। প্রায় দেড় বছর ধরে বাসটি চালাচ্ছিলেন কালাচান শেখ। তিনি গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে থাকলেও রাতে বাসটি দেরিতে ফিরলে সেখানেই ঘুমাতেন। বাসটির মালিক তপন কুমার দাস (৫০)। তিনি ফরিদপুর শহরের রথখোলা সিনপাড়া এলাকার মৃত কার্তিক দাসের ছেলে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসটি দাউ দাউ করে জ্বলতে দেখেন। ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার জানান, বাসটি টার্মিনালের পাশে পার্কিং করে এর ভেতরেই ঘুমিয়ে ছিলেন কালাচান শেখ। রাতে বাসটিতে আগুন দেওয়া হলে তাঁর একটি হাত পুড়ে যায়। পরে তিনি বাস থেকে নেমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আবুল বাশার বলেন, ‘যারা মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, তারা মানুষ হতে পারে না। আমাদের শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই কেন? সরকার আমাদের কেন নিরাপত্তা দিতে পারছে না? আমরা সরকারের কাছে আমাদের ভাই হত্যার বিচার চাই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান অগ্নিদগ্ধ হননি। তিনি দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। পরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

ফরিদপুরে পদ্মা থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

চাঁদাবাজি মামলায় ফরিদপুরের ৪ সাংবাদিক পরিচয়ধারী কারাগারে

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মায়ের কাছে দোয়া চেয়ে অভিযানে সেনাসদস্য তিতাস, ফিরলেন কফিনে

‘আমাকেও নিয়ে যাও’—সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা