হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় সোয়া কোটি টাকা ছিনতাই: মিলল ব্যবহৃত মোটরসাইকেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫ জন। সংগৃহীত

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রল পাম্পের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসার গ্যারেজ থেকে পালসার ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করে ডিবি উত্তরা বিভাগের একটি দল।

আজ শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির। তিনি বলেন, উত্তরার আলোচিত এ ছিনতাইয়ের ঘটনায় শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত করছে ডিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সাগর বাড়ৈসহ পাঁচজনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে কিছু টাকা ও বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একই ঘটনায় র‍্যাব আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

ইলিয়াস কবির বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে সাগর বাড়ৈ ও জলিল নামের দুজন বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন। সাগর বাড়ৈকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়ার হাফিজ উদ্দিন মাস্টার রোডের একটি ভবনের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকেই ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, যে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে, সেখানে নিজেকে ইতালিপ্রবাসী পরিচয় দিয়ে ভাড়া থাকতেন সাগর বাড়ৈ। উত্তরায় ছিনতাইয়ের ঘটনা ঘটানোর পর মোটরসাইকেলটি ওই গ্যারেজে রেখে তিনি পালিয়ে যান বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর বাড়ৈ প্রথমে জানিয়েছিলেন, মোটরসাইকেলটি গোপালগঞ্জে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের নন্দীপাড়া থেকে সেটি উদ্ধার করা হয়।

ইলিয়াস কবির বলেন, সাগর বাড়ৈ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়ার পর খিলগাঁওয়ের ওই বাসা থেকে তাঁর পরিবারের সদস্যরা মালামাল নিয়ে অন্য জায়গায় চলে গেছেন। ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

তদন্তে নতুন করে আরও আসামি গ্রেপ্তার হতে পারেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা।