• চিড়িয়াখানা আধুনিকায়নে মহাপরিকল্পনা করা হয় সাড়ে ৪ বছর আগে।
• মহাপরিকল্পনা তৈরির খরচ ৩৪ কোটি, বাস্তবায়নে দরকার ১৫০০ কোটি।
• মহাপরিকল্পনা আংশিক বাস্তবায়নে প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে।
• জাতীয় ও রংপুর চিড়িয়াখানার জন্য এই প্রকল্পে ব্যয় ৩৩৩ কোটি টাকা।
দেশে চিড়িয়াখানা আধুনিকায়নে সাড়ে চার বছর আগে করা মহাপরিকল্পনা ঝুলে আছে। মহাপরিকল্পনা বাস্তবায়ন শুধু আলোচনাতেই সীমাবদ্ধ। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, বড় নয়, ছোট প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার। প্রথম পর্যায়ে রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
চিড়িয়াখানা বিশেষজ্ঞরা বলছেন, চিড়িয়াখানায় ছোট-বড় প্রকল্প হয়তো বাস্তবায়িত হবে; তবে বন্য প্রাণী বিশেষজ্ঞদের চিড়িয়াখানা ব্যবস্থাপনায় যুক্ত না করলে ইতিবাচক পরিবর্তন আসবে না।
এদিকে জাতীয় চিড়িয়াখানায় আইন লঙ্ঘন করে ১০টি প্রাণীকে সঙ্গীহীন করে রাখা হয়েছে। এর কোনোটি প্রায় দেড় দশক ধরে নিঃসঙ্গ।
জানা গেছে, দর্শনার্থী আকৃষ্ট করতে বিগত আওয়ামী লীগ সরকারের (জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত) আমলে ২০১৮-২১ সাল পর্যন্ত চার বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকার বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার একটি মহাপরিকল্পনা তৈরি করে। এটি তৈরিতে ব্যয় হয় ৩৪ কোটি টাকা। এটি প্রণয়ন করে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস এবং বাংলাদেশি প্রতিষ্ঠান দেশ উপদেশ। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় প্রায় দেড় হাজার কোটি টাকা।
এই মহাপরিকল্পনার আওতায় জাতীয় চিড়িয়াখানার প্রাণীদের খাঁচামুক্ত পরিবেশে রাখার পরিকল্পনা নেওয়া হয়। সূত্র জানায়, মহাপরিকল্পনায় জাতীয় চিড়িয়াখানার প্রায় ৭৭ হেক্টর জায়গায় ২২৩ প্রজাতির প্রাণীর স্থান পাওয়ার কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে থাকবে দেশীয় ১০২ প্রজাতির, গ্রীষ্মমণ্ডলীয় ৬৬ প্রজাতির, আফ্রিকার ৪০ প্রজাতির এবং ১৫ প্রজাতির নিশাচর প্রাণী। এ ছাড়া শিশুদের অ্যাকটিভ জোনে থাকবে ১০ প্রজাতির প্রাণী। মোট পাঁচটি হ্যাবিটেট থাকবে। এগুলোর মধ্যে ম্যানগ্রোভ ওয়াটারল্যান্ড ফরেস্ট থিমে বাংলাদেশ হ্যাবিটেট (বাংলাদেশ পার্ট বা অংশ) জোনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭ দশমিক ৬৮ হেক্টর জমি। ১০২ প্রজাতির দেশীয় প্রাণীর জন্য নির্ধারিত ওই এলাকাকে সাজানো হবে সুন্দরবনের মতো শ্বাসমূলীয় বাদাবনের আদলে। জলাভূমির মাঝে মাঝে থাকবে বিভিন্ন প্রাণীর আবাসস্থল। তাতে থাকবে ২৬ প্রজাতির মাছ, ৯ প্রজাতির সরীসৃপ, ৫৪ প্রজাতির পাখি এবং ১২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। মহাপরিকল্পনায় চিড়িয়াখানায় পাঁচটি নতুন হাঁটার পথ, দুটি ট্রাম রুট, নৌকা চলাচলের জন্য দুটি রুট তৈরির কথাও রয়েছে।
মহাপরিকল্পনা বাস্তবায়নে তৎকালীন সরকারের আমলে একাধিকবার প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হলেও কোনো প্রকল্প নেওয়া হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ওই মহাপরিকল্পনার আওতায় বড় প্রকল্প নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল।
মহাপরিকল্পনা প্রণয়নে বার্নার্ড হ্যারিসন অ্যান্ড ফ্রেন্ডস কোম্পানির দিক থেকে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আলী রেজা খান। তিনি আজকের পত্রিকাকে সম্প্রতি বলেন, ‘চিড়িয়াখানা মহাপরিকল্পনা তৈরির সময় দিকনির্দেশনা দিয়েছিলাম।’ তবে ন্যূনতম অভিজ্ঞতা ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর কীভাবে মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, কিছু মানুষের কর্মসংস্থান আর কিছু মানুষের লাভের জন্য প্রকল্প তৈরি হবে। বাস্তবে বন্য প্রাণী কয়টা বাঁচল, কয়টা মরল; তা নিয়ে সংশ্লিষ্টদের ভ্রুক্ষেপ নেই।
চিড়িয়াখানাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বর্তমান সরকার প্রথম পর্যায়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভেবেছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখা জানায়, জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আধুনিকায়ন প্রকল্প (প্রথম পর্যায়) নামে একটি প্রকল্প প্রস্তাব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এটি পিইসি সভার জন্য অপেক্ষমাণ রয়েছে। প্রকল্পটি পরিকল্পনা কমিশনের সবুজ পাতায় অন্তর্ভুক্ত রয়েছে। ৩৩৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে রংপুর চিড়িয়াখানার জন্য খরচ করা হবে ১৮৬ কোটি টাকা। বাকি অর্থ ব্যয় হবে জাতীয় চিড়িয়াখানার জন্য। এই প্রকল্পের মাধ্যমে মহাপরিকল্পনার আংশিক বাস্তবায়ন করা সম্ভব হবে।
জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোহাম্মদ বজলুর রহমান আজকের পত্রিকাকে জানান, মহাপরিকল্পনা অনুসারে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় পাঁচটি হ্যাবিটেট করার কথা থাকলেও প্রস্তাবিত প্রকল্পে ‘বাংলাদেশ’ নামক একটি হ্যাবিটেট বাস্তবায়ন করা হবে। চিড়িয়াখানার উত্তর পাশে প্রস্তাবিত ১৮ হেক্টর জায়গায় এই হ্যাবিটেটে দেশের ১০২টি প্রাণীর আবাসস্থল থাকবে। শেড থাকবে ২১টি। প্রাকৃতিক পরিবেশে প্রাণীরা থাকবে। এই প্রকল্পের আওতায় রংপুর চিড়িয়াখানায় মূলত অবকাঠামো উন্নয়ন বেশি হবে। পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি আগামী জানুয়ারিতে শুরু হতে পারে।
মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ১০টি প্রাণী সঙ্গীহীন রয়েছে। প্রাণীগুলো হচ্ছে গন্ডার, চিত্রা হায়েনা, ডোরাকাটা হায়েনা, ক্যাঙারু, ইন্ডিয়ান সারস ক্রেন, উল্লুক, কুলু বানর, আফ্রিকান সাদা সিংহ, হামাদ্রিয়াস বেবুন ও ক্যাসোয়ারি পাখি। সূত্র জানায়, এর কোনোটি এক বছর, কোনোটি প্রায় দেড় দশক ধরে নিঃসঙ্গ রয়েছে। কোনো প্রাণীকে তার প্রাকৃতিক আচরণের বাইরে গিয়ে দীর্ঘ সময় সঙ্গীহীন বা একাকী রাখা ‘চিড়িয়াখানা আইন, ২০২৩’–এর সুস্পষ্ট লঙ্ঘন। আইনে বলা হয়েছে, কোনো প্রাণীকে ভেটেরিনারি কর্মকর্তার লিখিত বা সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়া দলবদ্ধ বা স্বাভাবিক পরিবেশ থেকে আলাদা করে একা বা সঙ্গীহীন রাখা যাবে না।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম সম্প্রতি তাঁর কার্যালয়ে আজকের পত্রিকাকে বলেন, চিড়িয়াখানায় কী কী প্রাণী কেনা হবে, তার একটি তালিকা সরকার অনুমোদন দিয়েছে। সেখানে নিঃসঙ্গ প্রাণীদের জন্য সঙ্গী আনার বিষয়টিও রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে হায়েনা ও উল্লুক কেনার পরিকল্পনা রয়েছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান আজকের পত্রিকাকে বলেন, সরকার ধাপে ধাপে চিড়িয়াখানার মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা করছে। প্রকল্পের প্রথম পর্যায়ে রংপুর চিড়িয়াখানার অবকাঠামো উন্নয়ন ও ঢাকার জাতীয় চিড়িয়াখানার ‘বাংলাদেশ পার্ট’ বাস্তবায়ন করা হবে। মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দর্শনার্থীরা চিড়িয়াখানায় নতুনত্বের ছোঁয়া পাবেন।