হোম > সারা দেশ > ঢাকা

সালমান শাহ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে ৫ নভেম্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সালমান শাহ। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই তারিখ ধার্য করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেছেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছরের ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামিও করা হয় কয়েকজনকে।

যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

এর আগে, গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সালমান শাহর ‘অস্বাভাবিক মৃত্যু’ মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, রমনা থানায় মামলা হওয়ার পর গত বছরের ২৭ অক্টোবর সামিরা হক ও আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ইতিমধ্যে ডনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।