হোম > সারা দেশ > ঢাকা

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: ডিএনসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ডিএনসিসির পরিবহন ডিপোতে ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। ছবি: আজকের পত্রিকা

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করছে। এই কার্যক্রমের আওতায় প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গুর এডিস মশার লার্ভা ধ্বংস, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা করা হচ্ছে। আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।’

আজ রোববার (২০ সেপ্টেম্বর) গাবতলীর প্রস্তাবিত কাঁচা বাজারে ডিএনসিসির পরিবহন ডিপোতে ক্যারিয়ার ট্রাকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।

অতি বৃষ্টিপাতের ফলে এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না বলে দাবি করেন ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংস্কার কার্যক্রম চলমান থাকায় ও কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করার ফলে এই সমস্যার সমাধান হয়েছে। এ ক্ষেত্রে আমরা প্রায় সফলতা অর্জন করেছি।’

প্রশাসক ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার ট্রাক আনুষ্ঠানিকভাবে চালু করেন। প্রশাসক নতুন ট্রাকের উদ্বোধন করার পর তিনি নিজে একটি ট্রাক চালিয়ে পরীক্ষা করেন।

এ সময় ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসা বাড়ির বর্জ্য দ্রুত অপসারণ করে এসটিএস (বর্জ্য স্থানান্তর কেন্দ্র) এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক করার জন্য পাঁচটি ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করা হয়েছে।