হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ দালাল আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আটক ১২ জন। ছবি: র‍্যাব

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১২ জনকে আটক করেছে র‍্যাব-২। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দেন।

আজ সোমবার বিকেলে র‍্যাব-২-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ দালাল চক্রের সদস্য। তাঁরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের দ্রুত ও উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এবং এভাবে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার পরও দালাল চক্রের তৎপরতা বন্ধ না হওয়ায় র‍্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং বিশেষ অভিযান পরিচালনা করে।

র্যাব-২ আরও জানায়, আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁদের দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। ভবিষ্যতেও রোগীদের দালালমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।