জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।
দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন— আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।
শুনানিকালে এ মামলায় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। অন্যরা পলাতক রয়েছেন।
২০২৪ সালের ৯ অক্টোবর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত এসব অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অন্যত্র স্থানান্তর করে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।