রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) চিকিৎসাধীন ডিএমপির পিওএম উত্তর বিভাগের কনস্টেবল মো. শায়নুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মুহাম্মদ মুসলিমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিরপুরে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত কনস্টেবল মো. শায়নুন বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর পল্লবীর কালশী রোডে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ ও পল্লবী এলাকায় জড়ো হন শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সেসময় কনস্টেবল মো. শায়নুনকে একা পেয়ে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।