রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ ৫ জন দগ্ধের ঘটনায় মা ইফতি সাবার (২৫) মৃত্যুর পর চিকিৎসাধীন মারা গেল দেড় বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ।
আজ শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় শিশুটির। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, শিশুটির শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে শতভাগ দগ্ধ নিয়ে মারা যান শিশুটির মা ইফতি সাবা।
ডা. সুলতান মাহমুদ আরও জানান, বর্তমানে সাবার স্বামী মানিক ৬ শতাংশ এবং সানজিদা ৩৭ শতাংশ ও তাঁর মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও ছেলে দেড় বছর বয়সী আরিস রহমান মাহাদ এবং পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।
দগ্ধ মানিক জানান, ৪র্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে থাকেন। তাঁদের পাশের রুমে থাকেন নার্সিং কলেজের শিক্ষার্থী সানজিদা ও তাঁর মা। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে। সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা তাঁর ছেলেও ঝলসে যায়। তখন ছেলেকে নিয়ে দৌড়ে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তাঁর স্ত্রী ও পাশের রুমে থাকা মা-মেয়ে।
মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তাঁরা। তবে সিলিন্ডার বাড়ির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখেছিল বা লিক ছিল। সেখান থেকেই সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
এ দিকে, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়েছিল তবে এর আগেই আগুন নিভে যায়। প্রতিবেশীরা দগ্ধদের হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে দরজা-জানালা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।