ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর গলায় ও হাতে কালো দাগ রয়েছে। তার বয়স হবে আনুমানিক ১৬ বছর।
আজ বুধবার বেলা ১১টার দিকে ওই কিশোরীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে দুজন ব্যক্তি। এরপর টিকিট আনতে গিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী, পুলিশ ও চিকিৎসকেরা জানান, বেলা ১১টার দিকে দুই ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর তাকে ট্রলিতে রাখা হয়। এরপর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। হাসপাতালের ট্রলিম্যান দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা দুই ব্যক্তির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। কিশোরীর গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।