হোম > সারা দেশ > ঢাকা

সাভারে দফায় দফায় সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত, আহত অর্ধশতাধিক

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ইয়ামিন (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় পুলিশসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাভারের পাকিজার মোড় এলাকায় হামলায় আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করে।

শিক্ষার্থীদের অভিযোগ, বেলা ১১টার দিকে পাকিজার মোড়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে তাঁরা শাটডাউন কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালায়। তাতে আহত হয়ে ইয়ামিনের মৃত্যু হয়।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ৩টা) পুলিশের সঙ্গে সাভারের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ চলছে।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, নিহত শিক্ষার্থী ইয়ামিন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সাভারের বাসিন্দা। হাসপাতাল থেকে তাঁর লাশ স্বজনেরা নিয়ে গেছে।

আজ সকাল থেকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁরা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের ছাউনি ও একটি পদচারী সেতুর আংশিক ভেঙে ফেলেন। এ সময় পুলিশের একটি পিকআপ ভাঙচুর করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বেসরকারি গণবিশ্ববিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখানে পাঁচ শতাধিক আন্দোলনকারীর ওপর নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় হামলা চালায় পুলিশ। একপর্যায়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের লাঠি হাতে দেখা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পাকিজা মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। পরে শিক্ষার্থীরা রাজালাখ ফার্মের গলি, পাকিজার গলি, বাজার রোড, রেডিও কলোনি, নিউমার্কেটসহ বিভিন্ন গলিতে ঢুকে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার মোড় এলাকায় সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দেখা যায়। কিছুক্ষণ পর তাঁরা চলে যান।

রেডিও কলোনি এলাকায় বিপিএটিসি কলেজ, সাভার মডেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তখন দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানকে ফোন করা হলে কেউ রিসিভ করেননি।

ঢাবি উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির বৈঠক, হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি

১৩ বছর পরও রানা প্লাজার ক্ষত অমলিন: বিচার ও ক্ষতিপূরণ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ইস্পাতের দড়ি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

তেজগাঁও শিল্প এলাকা: হাজারো অটোরিকশার অবৈধ চার্জের কারবার

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলা: গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির

রানা প্লাজা ধস: বিচারের অপেক্ষা শেষ হয়নি ১৩ বছরেও

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

শাহবাগ থানা চত্বরে ধাক্কা–ধাক্কির শিকার কয়েকজন সাংবাদিক

শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর

সাংবাদিকেরা প্রবেশাধিকার না পেলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে: সমাবেশে আইনজীবীরা