হোম > সারা দেশ > ঢাকা

সরকারি জমি দখল করতে পৌরসভার এক্সকাভেটরেই ভাঙা হলো বেড়া

নিজস্ব প্রতিবেদক, সাভার

পৌরসভার এক্সকাভেটর ব্যবহার করেই দখলদাররা ভাঙছেন সরকারি জমির বেড়া। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারের উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় নির্মাণের জন্য নির্ধারিত সরকারি জমি দখলের ঘটনায় এবার সামনে এসেছে পৌরসভার এক্সকাভেটর ব্যবহারের অভিযোগ। অনুমতি ছাড়াই পৌরসভার এক্সকাভেটর দিয়ে সরকারি জমির স্টিলের শিটের বেড়া ভেঙে হকারদের জমি দখলে সহায়তা করার অভিযোগে এক কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনার পর গতকাল সোমবার সন্ধ্যায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) দপ্তর থেকে মামলা হয়েছে। তবে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অথচ ঘটনাস্থলে প্রকাশ্যেই হকারদের ঘোরাফেরা করতে দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

জানা গেছে, পৌরসভা পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক (কনজারভেন্সি ইন্সপেক্টর) পরিদর্শক সেলিম আহমদ প্রশাসনিক অনুমোদন ছাড়াই সরকারি জমির বেড়া ভাঙার জন্য এক্সকাভেটরটি সরবরাহ করেন। এই ঘটনায় তাঁকে শোকজ করা হয়েছে।

তবে সেলিম আহমদ বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে জাহিদুর রহমান নামের এক ব্যক্তি রোববার রাত দেড়টার দিকে আমাকে এক্সকাভেটর পাঠাতে বলেন। চালককে ডেকে এনে রাতেই এক্সকাভেটর পাঠিয়ে দিই। পরে জানতে পারি, ওই এক্সকাভেটরের সাহায্যে স্টিলের শিটের বেড়া ভেঙে সরকারি জমির দখল নেওয়া হয়েছে।’ অপর ব্যক্তি জাহিদুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমাকে না জানিয়েই সরকারি জমি দখলে সহায়তা করতে এক্সকাভেটর পাঠানো হয়েছে। এই ঘটনায় কনজারভেন্সি ইন্সপেক্টর সেলিম আহমদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের কারণে তাঁকে (সেলিম আহমদ) চাকরিচ্যুত করা হবে।’

এদিকে সরকারি জমি দখল ও ভাঙচুরের ঘটনায় সোমবার রাতে সাভার থানায় মামলা করা হয়েছে। স্থানীয় বাগধনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জায়দুল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়েছে, হকাররা প্রায় ১০০ ফুট স্টিলের শিটের বেড়া ভেঙে নিয়ে গেছেন। এতে সরকারের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার রাজস্ব সার্কেল কার্যালয় সূত্রে জানা গেছে, ফুটপাত ও মহাসড়ক থেকে উচ্ছেদের পর একদল হকার গত রোববার দিবাগত রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছোট বলী মেহের মৌজার ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন দুই একরের বেশি জমি দখল করেন, যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গতকাল সরেজমিনে দেখা যায়, ইউএনও সাইফুল ইসলাম হকারদের সোমবার সন্ধ্যার মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তাঁরা জমি ছাড়েননি। জমিতে হকারদের বিভিন্ন সরঞ্জাম পড়ে রয়েছে। এ ছাড়া অভিযুক্ত হকারেরা সেখানে স্বাভাবিকভাবে ঘোরাফেরাও করছেন।

সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, হকারেরা যে জমি দখল করেছেন, সেটির মালিক ভূমি মন্ত্রণালয়। সেখানে সহকারী কমিশনারের কার্যালয় নির্মাণের সব প্রস্তুতি প্রায় শেষ। অর্থ বরাদ্দ পেলেই ভবন নির্মাণের কাজ শুরু হবে। একটি চক্র হকারদের ব্যবহার করে পুরো জমি গ্রাস করার পাঁয়তারা করছে। মামলা করার পরও কাউকে গ্রেপ্তার না করায় হকারেরা এখনো উদ্ধত আচরণ করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর হাত-পা ও মুখ বাঁধা লাশ

পল্লিচিকিৎসক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কারাগারে বন্দীর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে

পুলিশের তিন সদস্যের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ পীরের

ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানোর আহ্বান, যানজট-চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

টিটন হত্যাকারীদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবি ‎

দুই মামলায় খায়রুল হকের জামিন

সাবেক এসপি ইমন জামিনে কারামুক্ত

ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে আবারও অভিযোগ

ছয় মাসের মধ্যে সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলায় যাবে ডিএমপি: কমিশনার