ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে আশুলিয়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী মেয়ের অভিযোগ, তাঁর মা প্রতিবন্ধী হওয়ায় পরিবারের সবাই একসঙ্গে বসবাস করতেন। মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর বাবা গত প্রায় পাঁচ মাস ধরে তাঁকে ধর্ষণ করে আসছিলেন।
ভুক্তভোগীর ভাষ্য, “আমি বাধা দিলে আমাকে মারধর করত এবং কাউকে যেন কিছু না বলি, সেজন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিত।”
ভুক্তভোগী আরও বলেন, “আজ সোমবারও আমার বাবা আমাকে ধর্ষণের চেষ্টা করে। তখন আমি কৌশলে বাসা থেকে বের হয়ে আমার কর্মস্থলে চলে যাই। সেখানে সহকর্মীদের পুরো ঘটনা খুলে বলি। পরে তাঁরা আমাকে সহযোগিতা করে এবং আমার বাবাকে আটক করে পুলিশে খবর দেয়।”
বাবার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী বলেন, “আমি আমার বাবার এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক কাজের জন্য আইনের কাছে সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আর কোনো মেয়েকে নিজের ঘরে এমন নির্যাতনের শিকার হতে না হয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় চাকরি করাতেন। এ ছাড়া তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে। মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ ও ঘটনাসংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”