হোম > সারা দেশ > ঢাকা

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তরুণীকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পরপরই ওই তরুণীকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ওই তরুণীকে রাজধানীর ইব্রাহিমপুর এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল ওই তরুণীকে। শনিবার ওই তরুণীকে আটকের পর হেফাজতে নিয়েছিল পুলিশ। এরপর আজ রোববার তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। তাঁর জুনিয়র ও সার্বক্ষণিক সঙ্গী বন্ধু দীপের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দীপকে দেখা যায়। তাঁরা হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে সেখান থেকে চলে যান।

এরপর দীপ, ওই তরুণীসহ তাহসিফকে উত্তরার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের উত্তরার একটি রেস্টুরেন্টেও দেখা গিয়েছিল।

গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদ-সংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার ১৫০ মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ জানান, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদ-সংলগ্ন এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। তবে দীপের এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পিবিআই তাঁর বক্তব্যের বিভিন্ন অসংগতি যাচাই করে ও ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে দীপকেও নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর ওই তরুণীর বিষয়টি নজরে এলে তাঁকেও আটক করা হয়।

এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় গতকাল সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও তাহসিফকে তাঁর বন্ধু দ্বীপ বাসা থেকে ডেকে নিয়ে গেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল চার দিনের রিমান্ডে নেওয়া হয়।

ওই তরুণীর রিমান্ডের আবেদন যে কারণে

রিমান্ড আবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও উত্তরা এলাকায় বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়—তাহসিফের সঙ্গে ঘটনার আগের রাতে একসঙ্গে ছিলেন ওই তরুণী। তাঁরা উত্তরার একটি রেস্টুরেন্টেও একসঙ্গে স্ন্যাক্স খেয়েছেন। বাইকে উত্তরার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। এসব দেখে সন্দেহ করা হচ্ছে ওই তরুণী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মামলার মূল রহস্য উদ্‌ঘাটনসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করা, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ ও অন্যান্য আলামত শনাক্তকরণের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ইতিপূর্বের রিমান্ডে নেওয়া আসামি দীপ ও ওই তরুণীর বক্তব্য ক্রস চেক করা প্রয়োজন। এসব কারণে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আশুলিয়া-সাভারে শ্রমিক অসন্তোষ: ১৭৭ পোশাক কারখানায় ছুটি

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: গাজী নজরুলের জামিন দায়রা আদালতেও নাকচ

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎

তাহসিফ হত্যা মামলায় পুলিশের হেফাজতে সেই তরুণী

খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু হলো ৮৬১ বাস, চলবে সাত রুটে

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ—টিয়ার শেল-লাঠিপেটা, পুলিশের পিকআপে আগুন