রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এ অবস্থায় আন্দোলনকারীদের সড়কে অবস্থান থেকে বিরত রাখতে আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে মাইকিং ও টহল দিচ্ছে পুলিশ।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও সদস্যদের মারধর করতেও দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন অলিগলিতে পুলিশের সদস্যরা টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এদিকে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের তৎপরতা ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে আজকের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।