ঢাকার সাভারে পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রনি ইসলামের বিরুদ্ধে তাঁর স্ত্রী রিয়া মনিকে (২১) হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে পৌর এলাকার ছায়াবীথি মহল্লার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা পলাতক রয়েছেন ।
রিয়া মনি পৌর এলাকার আব্দুর রবের মেয়ে। স্বামীর সঙ্গে তিনি সয়াবিথীর তৌহিদুল রহমানের বাসায় থাকতেন ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়া মনি গত শনিবার রাতে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রোববার রাতে রনি ইসলাম তার স্ত্রীকে নিয়ে ছায়াবিথীর বাসায় ফেরেন। আজ সোমবার দুপুরে ওই বাসায় তালাবদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের আগে রনি ইসলাম তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে তার (রনি) মাকে ফোন করে জানান। এর পরই পুলিশ ঘটনাস্থলে যায়।
হত্যার ঘটনায় রিয়া মনির মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে আজ রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় তিনি রনি ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন।
সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, রনি ইসলাম তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে তার মাকে ফোনে জানিয়েছেন। কিন্তু আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।
তিনি বলেন, ঘরের তালা ভেঙে বিছানার উপর থেকে রিয়া মনির লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।