পুরান ঢাকার সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই আরোহীর সন্ধান পাওয়া গেছে। তাঁরা নদীর অন্য পাড়ে সাঁতরে উঠে নিরাপদে আশ্রয় নেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ রোববার সকালে সদরঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আটজন নিরাপদে তীরে উঠলেও দুইজন নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজ দুই ব্যক্তি নদীর অন্য পাশে সাঁতরে উঠে নিরাপদে অবস্থান করছিলেন। তাঁদের সঙ্গে কোনো মোবাইল ফোন না থাকায় তাৎক্ষণিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে তাঁরা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে পাড়ে ওঠার বিষয়টি জানান। ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস আরও জানায়, অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করে উদ্ধারকারী দল স্টেশনে ফিরে গেছে।
এর আগে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।