হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবনের পাঁচ তলার লিফটের ফাঁকা স্থানে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে কদমতলী শনিরআখড়া ২৪ ফুট রাস্তা সাফা টাওয়ার নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে।

জোসনা বেগমকে হাসপাতালে নিয়ে আসা তাঁর সহকর্মী মো. ইউনুস আলী জানান, জোসনা নির্মাণাধীন ভবনের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেন। সকাল থেকে তিনি পাঁচ তলায় কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে দ্রুত মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ইউনুস আলী জানান, জোসনা বেগমের বাড়ি কিশোরগঞ্জ মিঠামইন উপজেলার শান্তিপুর গ্রামে। তিনি স্বামী মধু মিয়ার সঙ্গে শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলি থানা-পুলিশ তদন্ত করছে।