রাজধানীর ডেমরায় এক্সপ্রেসওয়ে থেকে যুবকের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম-পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের ধারণা, যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে তিনি মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
বৃহস্পতিবার (১১জুন) সকাল ৭টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, ভোরের দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে ঢাকা-সিলেট এক্সপ্রেসওয়েতে কোনো এক যানবাহনের চাকায় পৃষ্ঠ হয়ে মারা যায় ওই যুবক।
তিনি আরও জানান, খবর পেয়ে সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স হবে আনুমানিক ৩০ বছর। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরনে ছিল কালো রঙের শার্ট ও প্যান্ট।