হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েল ছাড়া রিমান্ডে নেওয়া অন্য ১৩ জন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মণ্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম।

আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েক শ লোকের অংশগ্রহণে ‘জয় বাংলা’ স্লোগানে একটি মিছিল হয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এই ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান