হোম > সারা দেশ > ঢাকা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে হত্যা করে ছিনতাইকারীরা: র‍্যাব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকা

‎চট্টগ্রাম থেকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। মধ্যরাতে কুমিল্লার জাগরঝুলি এলাকায় বাস থেকে নামার পর একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় অটোরিকশায় আগে থেকেই ওত পেতে থাকা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র তাঁকে ‘টার্গেট’ করে। অটোরিকশায় তুলে কাস্টমস কর্মকর্তা বুলেটকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা। ছিনতাইকারীদের আঘাত এবং চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর।

আজ ‎সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, ‎এ ঘটনায় অটোরিকশায় থাকা চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন।

কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

‎ইন্তেখাব চৌধুরী বলেন, ২৪ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। প্রায় ১২ ঘণ্টা পর ২৫ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা-পুলিশ। মরদেহে আঘাতের একাধিক চিহ্ন ছিল।

‎এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

‎র‍্যাব জানায়, ঘটনার পরপরই গোয়েন্দা টিম মাঠে নামে, এরপর গোয়েন্দা নজরদারি বাড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। অটোরিকশায় থাকা চারজনকে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুলেটের ব্যবহত মোবাইল ফোনসহ সুজন নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অটোরিকশা, চাপাতি, সুইস গিয়ার, হাতুড়িসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। তাঁরা মূলত দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করতেন।

‎ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময়ে ওত পেতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে টার্গেট করা হয়। পরে অটোরিকশায় তুলে তাঁকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীতে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামীর খোঁজ নেই

ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

মানহানির মামলায় এমপি আমির হামজার আগাম জামিন

নিয়োগ ঝুলে থাকায় ক্ষোভ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান সুপারিশপ্রাপ্তদের

আজও বৃষ্টির পূর্বাভাস, বাড়ছে কালবৈশাখীর প্রবণতা

উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল জব্দ, ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

বিচারপতির বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ

কম্বোডিয়ায় ‘সাইবার দাস’ হিসেবে বিক্রি: সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ

আজহারীর নামে ভিডিও বানিয়ে প্রতারণা: গ্রেপ্তার ১০ যুবক কারাগারে

‘আ.লীগের দোসর’ বলে মারধর, ব্যবসায়ীর বিদেশি মুদ্রা ও ৩২ লাখ টাকা লুট করল ভুয়া র‍্যাব