রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বয়লারে লোহা গলানোর সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাঁশেরপুল জেডএসআরএম নামক স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে তাঁরা স্টিল মিলে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ করছিলেন। তখন বয়লারের মধ্যে গোলযোগের কারণে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত লোহা আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। মাজেদকে ছুটি দেওয়া হয়েছে। বাকি দুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।