হোম > সারা দেশ > ঢাকা

হাটে গরুর গাড়ি নিয়ে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

হাটের বাইরে বা সড়কে পশুবাহী যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সেই ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হাটের বাইরে বা সড়কে পশুবাহী কোনো যানবাহন নিয়ে টানাটানি বা জোরজবরদস্তি করলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত বিশেষ সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার আরও বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখতে এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। জাল টাকা শনাক্তকরণের মেশিন ডিএমপির পক্ষ থেকে পশুর হাটে থাকবে। ঈদের এই সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত তুলে ধরেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার