হোম > সারা দেশ > ঢাকা

মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ। ছবি: ডিএসসিসির সৌজন্যে

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

আজ বুধবার বিকেলে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের পাশের ফুটপাত দখল করে স্থাপন করা বিভিন্ন অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়।

নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলেও জানিয়েছে ডিএসসিসি।