রাজধানীর যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকায় নির্মাণাধীন সাততলা ভবনের বাইরের মাচান থেকে নিচে পড়ে আল আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কাজলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত আল আমিনের ভাই শিহাব উদ্দিন জানান, তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে। বাবার নাম মো. মুকুল। পেশায় রাজমিস্ত্রি ছিলেন আল আমিন। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা এলাকাতেই থাকতেন।
শিহাব উদ্দিন আরও জানান, ঘটনার সময় আল আমিন সাততলা ভবনের বাইরে বাঁশের মাচানের ওপর দাঁড়িয়ে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত নিচে পরে গুরুতর আহত হয়। এরপর তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।