সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত ও নিহত ব্যক্তিদের ১৮টি পরিবারের সদস্যদের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিআরটিএর ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়, ইকুরিয়া, কেরানীগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) মো. আইনুল হুদা চৌধুরী বলেন, ‘রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সড়ক দুর্ঘটনায় যাদের স্বজন হারিয়েছে, তাদের আর ফিরে পাওয়া সম্ভব নয়। কোনো অর্থই সেই শোক লাঘব করতে পারে না। তবে এই অনুদানের মাধ্যমে সরকার সব সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে, সেটিই জানানো হচ্ছে।’
অনুষ্ঠানে তিনি সড়কে চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার এবং নিজের জীবনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে ১৮টি পরিবারের মধ্যে ৭৬ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।
বিআরটিএ জানায়, নিহত ১২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে, আহত পাঁচজনকে ৩ লাখ টাকা করে এবং একজনকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।