হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ, শনাক্ত ৫৮

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে উপ-উপাচার্যকে (শিক্ষা) আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। ইতিমধ্যে ঢাবির অভিযুক্ত ৯২ জন শিক্ষকের মধ্যে ৫৮ জন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাবিসহ দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের সার্বিক বিষয় খতিয়ে দেখে করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ করবে। ইতিমধ্যে কমিটি কার্যক্রম শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে দাবি করা হয়। প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে বিষয়টি খতিয়ে দেখতে এ কমিটি গঠন করা হয়।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এমন গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। তাঁদের মধ্যে ইতিমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের তৎপরতার সঙ্গে যুক্ত আরও কোনো শিক্ষকের নাম শনাক্ত হলে কমিটি তাঁদের বিষয়ও খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে।