রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, যিনি ‘কাইল্যা পলাশ’ নামে পরিচিত, গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, পলাশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তবে কারা তাঁকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পলাশের বাসায় মিলাদের আয়োজন ছিল। জুমার নামাজ শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
এর আগে গত বছরের ১০ নভেম্বর রাজধানীর সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫)। এ ছাড়া চলতি বছরের ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন।