এবারের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোনসেট ও ৩ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-১০-এর একটি দল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীর র্যাব-১০ সিপিসি-১ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
র্যাব-১০-এর অধিনায়কের পক্ষে এই ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন বলেন, টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস’-সংক্রান্ত ভুয়া তথ্য প্রচার করছে একটি চক্র। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকা থেকে সাইফ ও রিসাদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, প্রায় ছয় মাস আগে টেলিগ্রামে একাধিক গ্রুপ খুলে প্রতারণা করছিলেন। তাঁদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস থেকেও এর প্রমাণ মিলেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।