হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের আইনজীবী মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান দুর্নীতির অভিযোগ থাকায় তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা দেন।

দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে কমিশন।

অনুসন্ধানকালে গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, আনোয়ারুল ইসলাম ও তাঁর স্ত্রী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশ ছাড়তে পারলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দুই ব্যক্তি যেন দেশত্যাগ করতে না পারেন, সে জন্য নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।