ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি সোনার বার উদ্ধারের ঘটনায় করা মামলায় ওই কর্মীদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।
আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবু বকর ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিকেলে দুজনকে আদালতে হাজির করে বিমানবন্দর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম প্রত্যেকের ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল রোববার সকালে দুবাই থেকে আসা ইমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে ‘বিশেষ কায়দায়’ লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। উদ্ধার করা সোনার ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
ওই দুই কর্মীকে গতকাল সকালেই হেফাজতে নেয় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এ ঘটনায় গতকাল বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ কর্মকর্তা রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।