হোম > সারা দেশ > ঢাকা

মজুরি নিয়ে অসন্তোষ: বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক, সাভার

শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। এর জেরে দুই এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। আজ বুধবার সকালে হেমায়েতপুর, জামগড়া ও কুমকুমারি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। বিকেলে সাভারের উলাইল এলাকায় আলমুসলিম গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শ্রমিকেরা বিভিন্ন অলিগলিতে ঢুকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা ১১টার পর ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শ্রমিক অসন্তোষের কারণে হেমায়েতপুরের প্রায় ৩০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

অবরোধ সরাতে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। ছবি: সংগৃহীত

হেমায়েতপুরের পরিস্থিতি শান্ত হলেও বিকেলে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে সাভারের উলাইল এলাকা। বেলা আড়াইটার দিকে আলমুসলিম গ্রুপের শ্রমিকেরা উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

এদিকে আশুলিয়ার জামগড়া ও কুমকুমারি এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কুমকুমারি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর থেকে ৬ তলা পর্যন্ত প্রায় অর্ধশত পোশাক কারখানা বন্ধ রয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়। তবে কুমকুমারি এলাকায় কিছু বহিরাগত লোকজন সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, সকালে হেমায়েতপুরে শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বেলা আড়াইটার দিকে শ্রমিকেরা উলাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।