হোম > সারা দেশ > ঢাকা

নাসার নজরুলের আরও আড়াই কোটি টাকার প্লট ও জমি ক্রোকের নির্দেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের আরও আড়াই কোটি টাকার জমি ও প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। এর আগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ এসব সম্পদ ক্রোকের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদন অনুযায়ী নজরুলের ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লাকসামের ১৭১টি জমি ও প্লট ক্রোকের নির্দেশ দেওয়া হয়। এসব সম্পদের দলিল মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা।

আবেদনে বলা হয়েছে, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন। এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। সে জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আসামির স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে আসামির অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। এমতাবস্থায় তাঁর স্থাবর সম্পদ ক্রোক করা আবশ্যক।

উল্লেখ্য, গত বছর ২৪ নভেম্বর ৪৫ কোটি টাকার সম্পদ, ৬ মার্চ নজরুল ইসলামের বাড়ি, প্লট ক্রোক ও ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপর ৯ মার্চ নজরুল ইসলামের যুক্তরাজ্যের পাঁচটি বাড়ি, আইল অব ম্যান ও নিউ জার্সির দুটি বাড়ি কোক এবং বিদেশের একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ১৮ জুন নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলামের দুটি ফ্ল্যাট ক্রোক, ৫৪টি কোম্পানির শেয়ার ও দুটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। নাসরিন ইসলামের এসব সম্পদের মোট মূল্য প্রায় ৬৩ লাখ।

এরপর গত বছরের ১৮ নভেম্বর পূর্বাচলে জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের বিভিন্ন স্থানে জমি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া তাঁর তিনটি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়। নজরুলের এসব প্লট ও জমির মূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা। তিনটি ব্যাংক হিসাবে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

গৃহকর্মী নির্যাতনের মামলায় বিমানের এমডিসহ ৪ জন কারাগারে

এসেনসিয়াল ড্রাগসের এমডি সামাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাতে জিয়া উদ্যানে মধ্যবয়সী গ্রেপ্তার, সিটিটিসি বলছে জেএমবির ‘এহসার সদস্য’

শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার ৪০ আসামির আগাম জামিন

‘উচ্চবংশীয়’ ছাগলকাণ্ডের সেই মতিউরের আরও সম্পদ ক্রোকের নির্দেশ

মামলা-বাণিজ্যের অভিযোগে স্ত্রী-সন্তানসহ সাবেক পিপি আবদুল্লাহ আবুর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘ভাগিনা মুন্না’

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

আশুলিয়ায় দগ্ধ জাবি ছাত্রদল নেতার মৃত্যু