ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লিখিত স্থলে বদলি বা পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে মিরপুর বিভাগের পল্লবী থানার ওসি করা হয়েছে। পল্লবী থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে মিরপুর বিভাগের রূপনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে এসআরইউর সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া মিরপুর বিভাগের শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে মতিঝিল বিভাগের রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।