হোম > সারা দেশ > ঢাকা

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

নিজস্ব প্রতিবেদক, সাভার

ফাইল ছবি

টানা পাঁচ দিনের শ্রমিক অসন্তোষের পর সাভারের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আশুলিয়ার শিল্পাঞ্চলে এখনো কাটেনি অস্থিরতা। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া গত কয়েক দিনের আন্দোলনের জেরে আশুলিয়ায় শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কারখানায় কাজে যোগ না দেওয়া শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। পরে কারখানা থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে মিছিল করেন। এ সময় আশুলিয়ার জামগড়া এলাকায় শিল্প পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে গাড়িটির কাচের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ বা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ৩১ অক্টোবর থেকে আশুলিয়া ও সাভারের শতাধিক পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের কারণে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়াসহ সাভারের হেমায়েতপুর এলাকায় প্রতিদিন গড়ে দেড় শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

গতকাল বুধবার সাভারের হেমায়েতপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দেন। তবে বৃহস্পতিবার সাভারে নতুন করে কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি।

আশুলিয়ার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার আশুলিয়ার অর্ধশতাধিক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ১০০ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে এসব কারখানা খুলে দেওয়া হবে।

পুলিশ সুপার আরও বলেন, সকালে কারখানা ছুটির পর বাড়ি ফেরার পথে শ্রমিকেরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় কিছু সময় মিছিল করেন। এ সময় মিছিল থেকে শিল্প পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে আশুলিয়া ও সাভারে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পুরো শিল্পাঞ্চলে নজরদারি ও টহল অব্যাহত রয়েছে বলেও জানান মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তারক্ষীদের বিশৃঙ্খলা

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

অনলাইন জুয়ার জন্য তিন দিনের সিম ভাড়া, লেনদেন ২ কোটি টাকার বেশি

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

কারও ড্রেসআপ ঠিক নেই—তারা চিকিৎসক, নার্স, নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান