হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সেনাপ্রধান হারুনের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ তাঁকে জামিন দেন।

এর আগে গত ২৯ জুন তার মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট। মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।

অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিনসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে গত ১২ মে রায় দেন বিচারিক আদালত। একই সঙ্গে আসামিদের ২ হাজার ৩০০ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। 

রায়ে ডেসটিনির এমডি রফিকুল আমিনের ১২ বছর কারাদণ্ড ও ২০০ কোটি টাকা অর্থদণ্ড, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের ১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদের চার বছরের কারাদণ্ড ও ৩ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। 

ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হারুন-অর-রশীদ। পাশাপাশি জামিনও চান তিনি। গত ৯ জুন হারুন-অর-রশীদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। 

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। 

তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলায় অভিযোগপত্র দেয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন দুই মামলাতেই আসামি। 

আদালতে হারুন-অর-রশীদের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। 

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা