জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসানকে। সদস্যসচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার মো. শহিদুল্লাহকে। কমিটির অন্য দুই সদস্য হলেন—রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রধান অতিথি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিশেষ অতিথি এবং জুলাই শহীদ একরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটরিয়ামের বাইরে কতিপয় শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে অফিস আদেশে বলা হয়, ঘটনার তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘আমরা সব সময় সুষ্ঠু পরিবেশ চাই। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিই হতাশার। এ ঘটনায় আমরা চার সদস্যের একটি কমিটি গঠন করেছি। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে শিগগিরই সুষ্ঠু বিচার করা হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার উন্নয়নসহ সমসাময়িক বিভিন্ন দাবি তুলে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জকসুর সহসভাপতি (ভিপি), জাতীয় ছাত্রশক্তির সভাপতি, ছাত্রশিবিরের সভাপতি ছাড়াও কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। সংঘর্ষের ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।