প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।
আজ বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
শফিকুল ইসলাম বলেন, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তাঁর সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাঁরা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করে। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাঁকে নানা টালবাহানা ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়।
শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণামূলক ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন প্রমোশনাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
ডিবি প্রধান বলেন, রাজনৈতিক প্রভাব ও পরিচয় ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করতেন তিনি। এ ছাড়া বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ডিবি জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিলে দেশে ফিরে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা জানান, প্রতারণা চক্রে আরও চার থেকে পাঁচজন জড়িত রয়েছে। তাঁদের মধ্যে শিশির মুন্নার বোনও আছেন, যিনি বিদেশে অবস্থান করে চক্রটিকে সহযোগিতা করেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।