হোম > সারা দেশ > ঢাকা

জুবায়েত অপেক্ষায় তার বাবা ফিরবে

রাতুল মণ্ডল, শ্রীপুর

জুলাই গণ-অভ্যুত্থানে গুলিতে মারা যাওয়া জুয়েল মিয়ার ছেলে জুবায়েত ও স্ত্রী জুবেদা। ছবি: আজকের পত্রিকা

মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। বাবা কখন আসবে?... ’

জুবায়েতের বাবা জুয়েল মিয়া (৪২) ছিলেন গার্মেন্টস শ্রমিক।

ময়মনসিংহের নান্দাইলের কাকদা গ্রামের দিনমজুর আবদুল হাইয়ের ছেলে জুয়েল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় ভাড়া বাসায় থাকতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট গুলিতে মারা যান তিনি।

সম্প্রতি জুবায়েতের মা জুবেদা খাতুনের সঙ্গে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা হয়। বলেন, ‘গত ৫ আগস্ট দুপুরের দিকে জুয়েল কল করে জানান, দেশের অবস্থা খুবই খারাপ, ঘর থেকে বের হয়ো না। আমি রাস্তায় আছি। সব মানুষ রাস্তায়।’ এরপর ৫ আগস্ট সন্ধ্যার দিকে জানতে পারেন, জুয়েল গুলিবিদ্ধ হয়েছেন।

জুবেদা খাতুন বলেন, ‘ছেলেকে এক আত্মীয়ের কাছে রেখে দৌড়ে গিয়ে দেখি স্বামী প্রায় শেষ। তবু কয়েকটি হাসপাতালে নিয়ে চেষ্টা করি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। কয়েকটা বুলেট আমার স্বামীকে শেষ করল, আমার সংসারও শেষ করল।’

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুয়েল। তাঁকে হারিয়ে অভাব-অনটনে দিন কাটছে জুবেদার। নিহতের ভায়রা আরিফুর ইসলাম সরকার বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন জুয়েল। আন্দোলনের সময় বুলেটকে ভয় পাননি। আজ তাঁর সংসারের হাল ধরার কেউ নেই।

কথা বলে জানা গেল, জুয়েল ও জুবেদা দম্পতির দাম্পত্যজীবন প্রায় দেড় যুগের। জুবেদা বলেন, ‘আমাদের দাম্পত্যজীবনের এক যুগ পর জুবায়েতের জন্ম। ফলে বাবার অনেক আদরের ছিল সে। ওর বাবার ইচ্ছে ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াবে। জুবায়েতকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। কিন্তু টাকাপয়সা ছাড়া তো সংসার চলে না।’

জুবেদা খাতুন বলেন, স্বামীর উপার্জন দিয়ে চলত অসুস্থ দিনমজুর শ্বশুর ও শাশুড়ির সংসার। অসুস্থ শরীরে শ্বশুরকে এখনো মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতে হচ্ছে। তিনি বলেন, সরকার যেটুকু সাহায্য দিয়েছে, তা দিয়ে তো সংসার চলে না।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

রাজধানীতে ২৫ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার সদস্যরা সদ্য এইচএসসি পাস

দোহারে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী পলাতক

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৪০ কোটি টাকা পাচার : স্ত্রী-ছেলেসহ সাবেক সচিব খায়রুল ইসলামের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী